
মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি
মাননীয় মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রণালয়
মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম-মহাসচিব এর দায়িত্ব পালন করছেন।
মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি তারিখে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসির উল্যা চৌধুরী যিনি লক্ষ্মীপুরের একজন বনেদী ব্যবসায়ী ছিলেন। তার মায়ের নাম হোসেনে আরা বেগম। তার দাদা হাজী পানা মিয়া ব্রিটিশ শাসনামলে চর কাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। দুই চাচাতো ভাই সাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খোরশেদ আলম এক সময়ে লক্ষ্মীপুরের সংসদ সদস্য ছিলেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। স্ত্রী পারভীন আক্তার চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী।
তিনি যথাক্রমে লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীপুর প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এবং সরকারি বিজ্ঞান কলেজ (তেজগাঁও, ঢাকা) থেকে এইচএসসি সম্পন্ন করেন। ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে এই বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে এম.এস.সি ডিগ্রী লাভ করেন। ১৯৯৩ সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিপ্লোমা-ইন এডুকেশন সমাপ্ত করেন।